থার্ড এস্টেট কি: (Third Estate).
বিপ্লবের আগে ফরাসি সমাজে বিদ্যমান তিনটি প্রধান সম্প্রদায়ের মধ্যে অন্যতম ছিল বুর্জোয়া, কৃষক, শ্রমিক, সর্বহারা ভবঘুরে বা সাঁকুলোৎ প্রমুখদের নিয়ে গঠিত তৃতীয় সম্প্রদায় বা থার্ড এস্টেট।
১৭৮৯ খ্রিস্টাব্দে ফ্রান্সে তৃতীয় সম্প্রদায় ছিল দেশের মোট জনসংখ্যার প্রায় ৯৮ শতাংশ। এই বিপুল জনসংখ্যা সত্ত্বেও তৃতীয় সম্প্রদায় ফরাসি সমাজ ও রাষ্ট্রে কোনো অধিকার পেত না। ফ্রান্সে তৃতীয় সম্প্রদায় মূলত তিনটি শ্রেণিতে বিভক্ত ছিল। যথা—
[i] ধনী ব্যবসায়ী, শিল্পপতি, ব্যাংক মালিক, প্রমুখ ছিল উচ্চ বুর্জোয়া।
[ii] আইনজীবী, চিকিৎসক, শিক্ষক প্রমুখ ছিল মধ্য বুর্জোয়া।
[iii] কারিগর, ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক, শ্রমিক প্রভৃতি ছিল নিম্ন বুর্জোয়া৷
বুর্জোয়া সম্প্রদায়ের ধনী অংশ বিদ্যা-বুদ্ধি বা অর্থসম্পদে অভিজাত সম্প্রদায়ের চেয়েও অগ্রসর ছিল। কিন্তু অভিজাতদের মতো বংশকৌলিন্য তাদের না থাকায় তারা সমাজ ও রাষ্ট্রে নানা অবিচারের শিকার হয়েছিল। তারা অভিজাত সম্প্রদায়ের ঘৃণার পাত্র ছিল। তৃতীয় সম্প্রদায়ের মানুষ নানা করভারে জর্জরিত ছিল। দেশের মোট রাজস্বের ৯৬ শতাংশই তাদের কাছ থেকে আদায় করা হত। রাষ্ট্র, গির্জা ও সামন্তপ্রভুরা তাদের কাছ থেকে ভূমিকর, উৎপাদন কর, আয়কর, লবণ কর, ধর্মকর প্রভৃতি আদায় করত।
ঐতিহাসিক লাব্লুজ বলেছেন যে, “অষ্টাদশ শতকে ফ্রান্সের কৃষকরা ছিল সর্বাপেক্ষা শোষিত।”
বিপ্লব-পূর্ব ফরাসি সমাজের এই তৃতীয় সম্প্রদায় ছিল অধিকারহীন এবং চরম অবহেলিত। দীর্ঘ দিনের শোষণ ও বঞ্চনা এই সম্প্রদায়কে শেষ পর্যন্ত বিপ্লবের পথে অগ্রসর হতে বাধ্য করে।
একটি মন্তব্য পোস্ট করুন for "থার্ড এস্টেট কি: (Third Estate)."