মধ্যযুগে ইউরোপে গিল্ড প্রতিষ্ঠার কারণ:
মধ্যযুগে বিশেষ করে দশম ও একাদশ শতকে নগরসভ্যতা ও বাণিজ্য বিকাশের সূত্র ধরে বহু বণিক ও কারিগর নগরগুলিতে বসবাস করতে শুরু করে। এরা নিজেদের শ্রেণিস্বার্থ সংরক্ষণের উদ্দেশ্যে সংঘবদ্ধ হলে গড়ে ওঠে বণিক ও কারিগরদের নিজস্ব প্রতিষ্ঠান বা গিল্ড।
মধ্যযুগে ইউরোপে গিল্ড প্রতিষ্ঠার যে সব কারণগুলি লক্ষ্য করা যায় তা নিম্নে আলোচনা করছি:-
শ্রেণিস্বার্থ রক্ষা করা: মধ্যযুগে ইউরোপের নগরকেন্দ্রিক সভ্যতায় বণিক ও কারিগররা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করলেও সমাজে তাদের কোনো সম্মান ছিল না। এই পরিস্থিতিতে নিজেদের শ্রেণিস্বার্থকে সুরক্ষিত করে রাখার উদ্দেশ্যে বণিক ও কারিগররা নিজেদের সংগঠন গড়ে তুলেছিল।
বেআইনি কর আদায় বন্ধ করা: মধ্যযুগের বিভিন্ন নগরগুলি সামন্তপ্রভুদের এলাকায় গড়ে ওঠায় সামন্তপ্রভুরা নগরের বণিক ও কারিগরদের থেকে বিভিন্ন ধরনের কর আদায় করত। এই অতিরিক্ত করের বোঝা বণিকদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করেছিল। এই ধরনের অন্যায্য করের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার উদ্দেশ্যে বণিক ও কারিগররা গিল্ড গঠন করেছিল।
শিল্প ও বাণিজ্যের উপযোগী পরিবেশ সৃষ্টি: মধ্যকালীন ইউরোপের নগরগুলিতে বণিক ও কারিগররা উপলব্ধি করেছিল যে, শিল্প ও বাণিজ্যের উপযোগী পরিবেশ গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধভাবে প্রশাসনের কাছে নিজেদের দাবি তুলে ধরতে হবে। তাদের এই মনোভাবই গিল্ড গঠনের প্রেক্ষাপট রচনা করতে সাহায্য করেছিল।
নিরাপত্তা বজায় রাখা: আলোচ্য পর্বে নগরগুলির বা বাণিজ্যপথের নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত না হওয়ার কারণে ব্যাবসাবাণিজ্য ছিল অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ। এইরূপ পরিস্থিতিতে বণিক ও কারিগররা নিজেদের নিরাপত্তা সুদৃঢ় করার জন্য গিল্ড গঠন করেছিল।
কাঁচামালের জোগান সুনিশ্চিত করা: মধ্যযুগীয় ইউরোপে কারিগররা কৃষিজাত কাঁচামাল ব্যবহার করে শিল্পজাত পণ্যসামগ্রী উৎপাদন করত। সব কারিগর যাতে সমপরিমাণ কাঁচামাল পায় এবং কাঁচামালের জোগান সুনিশ্চিত করে পণ্য উৎপাদন করা যায় সেই উদ্দেশ্যে বণিক ও কারিগররা গিল্ড গঠন করেছিল।
পণ্যের গুণগত মান বজায় রাখা: মধ্যযুগীয় ইউরোপে অনেকক্ষেত্রেই অসাধু ব্যবসায়ী বা কারিগররা অধিক মুনাফা অর্জনের জন্য নিম্নমানের পণ্য উৎপাদন ও তা বাজারজাত করত। ফলে ক্রেতারা বিভিন্ন অসুবিধার সম্মুখীন হত। এই সকল অসুবিধা দূর করে পণ্যের সঠিক গুণগত মান বজায় রাখার উদ্দেশ্যে গিল্ড গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন for "মধ্যযুগে ইউরোপে গিল্ড প্রতিষ্ঠার কারণ:"