ভারতের রাজনৈতিক দল ব্যবস্থা: (India's political party system).

আধুনিক গণতন্ত্র হল পরােক্ষ বা প্রতিনিধিমূলক গণতন্ত্র। বিশালায়তন আধুনিক রাষ্ট্রের বিপুল পরিমাণ জনসাধারণ প্রত্যক্ষভাবে শাসনকার্য পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না। নির্বাচিত প্রতিনিধিবর্গের মাধ্যমে তারা শাসনকার্য পরিচালনায় পরােক্ষভাবে অংশগ্রহণ করে। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মূলভিত্তি হল রাজনৈতিক দল। আধুনিক উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দলগুলি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেজন্য এরূপ শাসনব্যবস্থাকে দলীয় শাসনব্যবস্থা বলে অভিহিত করা হয়। 



● রাজনৈতিক দলের সংজ্ঞা: 

যখন কোনাে নির্দিষ্ট স্বীকৃত নীতির ভিত্তিতে সমমতাদর্শে বিশ্বাসী নাগরিকদের একটি সংগঠিত অংশ যৌথ প্রচেষ্টার মাধ্যমে জাতীয় স্বার্থ সংরক্ষণের জন্য একটি রাজনৈতিক সংগঠন হিসেবে সরকারকে নিয়ন্ত্রণ ও দলীয় নীতিসমূহকে বাস্তবায়নের চেষ্টা করে, তখন তাকে রাজনৈতিক দল বলা হয়। 

● রাজনৈতিক দলের বৈশিষ্ট্য:

রাজনৈতিক দলের বেশকিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে। সেগুলি হল :-

  • [১] রাজনৈতিক দলের সদস্যরা সমমতাদর্শে বিশ্বাসী এবং সেই মতাদর্শের দ্বারা অনুপ্রাণিত হন। 
  • [২] প্রতিটি রাজনৈতিক দলের সুনির্দিষ্ট কর্মসূচি থাকে এবং ওই কর্মসূচির ভিত্তিতে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। 
  • [৩] প্রতিটি রাজনৈতিক দলের দলীয় সংগঠন থাকে। দলের নেতা এবং সদস্যরা দলীয় সংগঠনের অন্তর্ভুক্ত থাকেন। গণতান্ত্রিক রাষ্ট্রে দলীয় সংগঠন সাধারণত পিরামিডের মতাে আকৃতিবিশিষ্ট হয়। 
  • [৪] প্রতিটি রাজনৈতিক দলের দলীয় পতাকা ও দলীয় প্রতীক থাকে। 

  • [৫] কেবল নাগরিকরাই রাজনৈতিক দল গঠন করতে পারে; কোনাে বিদেশির এই অধিকার নেই। 
  • [৬] প্রতিটি রাজনৈতিক দল বিশেষ একটি মতাদর্শের দ্বারা অনুপ্রাণিত হলেও সামগ্রিকভাবে তা সমাজের কল্যাণসাধনের চেষ্টা করে। 
  • [৭] জনগণের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যাবলি নিয়ে অবিরত আলাপ - আলােচনার মাধ্যমে প্রতিটি রাজনৈতিক দল স্বীয় মতাদর্শের সমর্থনে জনমত গঠনের জন্য সচেষ্ট হয়। 
  • [৮] উপযুক্ত পরিমাণ জনসমর্থন লাভ করলে দলীয় কর্মসূচিকে বাস্তবায়িত করার জন্য প্রতিটি রাজনৈতিক দলকে সরকার গঠনের দায়িত্ব গ্রহণে প্রস্তুত থাকতে হয়।
  • [৯] পশ্চিমি রাষ্ট্রবিজ্ঞানীদের মতে, গণতান্ত্রিক উপায়ে এবং সংবিধানসম্মতভাবে রাজনৈতিক ক্ষমতা অধিকারের জন্য রাজনৈতিক দলগুলিকে চেষ্টা করতে হয়। বৈপ্লবিক পন্থায় ক্ষমতা দখলের কর্মসূচি যেদল গ্রহণ করে, তাকে রাজনৈতিক দল বলে অনেকে মনে করেন না। কিন্তু অনেক সময় রক্ষণশীল বা প্রতিক্রিয়াশীল শক্তিগুলি শান্তিপূর্ণ উপায়ে সংবিধানসম্মতভাবে রাজনৈতিক ক্ষমতা অধিকারে জনগণকে বাধা দেয়। ফলে জনগণের পক্ষে শান্তিপূর্ণ উপায়ে রাজনৈতিক ক্ষমতা করায়ত্ত করা সম্ভব হয় না। তখন বৈপ্লবিক উপায় অবলম্বন অপরিহার্য হয়ে ওঠে। 

● রাজনৈতিক দলের স্বীকৃতি : 

২০০৯ সালে অনুষ্ঠিত পঞ্চদশ লােকসভা নির্বাচনের পূর্বে একটি দলকে স্বীকৃত রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতিলাভের জন্য নির্বাচন কমিশনের কাছে নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী আবেদন করতে হয়। সেই আবেদন মঞ্জুর করার জন্য কমিশন যে মানদণ্ড নির্ধারণ করে দিয়েছে, তা হল :- 

কোনাে দলকে ‘একটি রাজ্যের (জাতীয় রাজধানী অঞ্চল দিল্লি ও পণ্ডিচেরি — এই দুটি কেন্দ্রশাসিত অঞ্চল - সহ) স্বীকৃত রাজনৈতিক দল’ বলে গণ্য করা হবে, 

যদি নিম্নলিখিত শর্তাবলিগুলি ওই দল পূরণ করতে পারে:

  • [১] সংশ্লিষ্ট দলকে একাদিক্রমে ৫ বছর ধরে রাজনৈতিক কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকতে হবে এবং বিগত সাধারণ নির্বাচনে 
[ক] ওই রাজ্যের লােকসভার প্রতি ২৫ জন সদস্যপিছু ১ জন করে।

 

[খ] ওই রাজ্যের বিধানসভার বিগত নির্বাচনে বিধানসভার প্রতি ৩০ জন সদস্যপিছু ১ জন করে ওই দলের নির্বাচন প্রার্থীকে নির্বাচিত হতে হবে।

  • [২] ওই রাজ্য থেকে লােকসভা কিংবা বিধানসভার বিগত নির্বাচনে সংশ্লিষ্ট দলের নির্বাচন - প্রার্থীদের অনুকূলে প্রদত্ত বৈধ ভােটের যােগফল সমগ্র রাজ্যে প্রদত্ত মােট বৈধ ভােটের অন্তত ৬ শতাংশ হবে। 

      তবে সংশ্লিষ্ট রাজ্যের কোনাে লােকসভা কিংবা বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হওয়ার পর কোনাে জনপ্রতিনিধি ওই দলে যােগদান করলে সেই দলটিকে উপরে বর্ণিত শর্তাবলি পূরণ করেছে বলে ধরা হবে না। 

● জাতীয় দল : কোনাে দল উপরিউক্ত শর্তাবলি পূরণ করে ৪ টি বা তার বেশি রাজ্যে স্বীকৃত রাজনৈতিক দলের মর্যাদা লাভ করলে সেই রাজনৈতিক দলকে জাতীয় দল বলা হয়। তবে লােকসভা বা বিধানসভার পরবর্তী নির্বাচনগুলিতেও পূর্বোক্ত শর্তাবলি সংশ্লিষ্ট রাজনৈতিক দলটিকে পূরণ করতে হবে; অন্যথায় তাকে জাতীয় দলের মর্যাদা হারাতে হবে। 

● আঞ্চলিক বা রাজ্য দল : কোনাে রাজনৈতিক দল যদি ৪ টির কম রাজ্যে পূর্বোক্ত শর্তাবলি পূরণ করতে সক্ষম হয়, তাহলে সংশ্লিষ্ট দলটি আঞ্চলিক বা রাজ্য দলের মর্যাদা লাভ করবে। তবে লােকসভা ও বিধানসভাগুলির পরবর্তী নির্বাচনগুলিতেও পূর্বোক্ত শর্তাবলি পূরণ করতে ব্যর্থ হলে ওই রাজনৈতিক দলটিকে তখন আর আঞ্চলিক বা রাজ্য দলের মর্যাদা দেওয়া হবে না।


একটি মন্তব্য পোস্ট করুন for "ভারতের রাজনৈতিক দল ব্যবস্থা: (India's political party system)."